দিনাজপুরের বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ আটক- ১
নিজস্ব প্রতিবেদক
- বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল জনাব শাওন কুমার সরকার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, বীরগঞ্জ থানা জনাব সাইফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) দেবাশীষ চন্দ্র বর্মণের নেতৃত্বে বীরগঞ্জ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং চোরাইকৃত ০৬টি মোটরসাইকেল উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বাছারগ্রাম এলাকায় আসামি মোঃ মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৬), পিতা-নজরুল ইসলাম, সাং-বাছারগ্রাম (পূর্বপাড়া), বীরগঞ্জ, দিনাজপুর নিজ বসতবাড়িতে চোরাই মোটরসাইকেল রেখেছেন এবং তিনি ও তার সহযোগীরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একই ইউনিয়নের জয়পাড়া ঘাটপাড় এলাকায় অবস্থান করছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) দেবাশীষ চন্দ্র বর্মণ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোঃ মোশারফ হোসেন ওরফে মশিউরকে ঘটনাস্থলেই আটক করেন। এ সময় তার ২/৩ জন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের নিমিত্তে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির বারান্দায় কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছয়টি পুরাতন ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—
১। একটি সাদা ও কালো রঙের পুরাতন ব্যবহৃত Bajaj Platina 100 cc মোটরসাইকেল, যার ইঞ্জিন নম্বর- PFYWKE26339, চেসিস নম্বর-অস্পষ্ট, মূল্য আনুমানিক ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা।
২। একটি লাল রঙের পুরাতন ব্যবহৃত Hero HF-Deluxe 100 cc মোটরসাইকেল, যার ইঞ্জিন নম্বর-অস্পষ্ট, চেসিস নম্বর-ES1HAR261KJB00945, মূল্য আনুমানিক ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা।
৩। একটি লাল রঙের পুরাতন ব্যবহৃত Hero Splendor 100 cc মোটরসাইকেল, যার ইঞ্জিন নম্বর-অস্পষ্ট, চেসিস নম্বর-অস্পষ্ট, মূল্য আনুমানিক ৮০,০০০/- (আশি হাজার) টাকা।
৪। একটি কালো ও লাল রঙের পুরাতন ব্যবহৃত Bajaj Discover 125 cc মোটরসাইকেল, যার ইঞ্জিন ও চেসিস নম্বর-অস্পষ্ট, মূল্য আনুমানিক ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।
৫। একটি লাল রঙের পুরাতন ব্যবহৃত Hero HF-Deluxe 100 cc মোটরসাইকেল, যার ইঞ্জিন নম্বর-MF1797Cm3GBG, চেসিস নম্বর-PS1HAR265LJE00747, মূল্য আনুমানিক ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা।
৬। একটি কালো ও নীল রঙের পুরাতন ব্যবহৃত Bajaj Discover 125 cc মোটরসাইকেল, যার ইঞ্জিন ও চেসিস নম্বর-অস্পষ্ট, মূল্য আনুমানিক ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর সর্বমোট আনুমানিক মূল্য ৬,৩০,০০০/- (ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি এবং মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্রও প্রদর্শন করতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মোঃ গোলাপ (৪৪), পিতা-নেফাতুর, সাং-শাহপাড়া, কাহারোল, দিনাজপুর সহ আরও ২/৩ জন সহযোগী দিনাজপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজুর করা হয়েছে।

















