স্ত্রীর অসুস্থতার কথা বলে ছুটি, দুর্গাপূজার ডিউটিতে যাওয়ার অভিযোগ;খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কে বদলি
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ ফরহাদ হোসেনের বিরুদ্ধে ছুটি নেওয়াকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ছুটি নেওয়ার পর শারদীয় দুর্গাপূজার ডিউটিতে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সিএইচসিপি মোঃ ফরহাদ হোসেন তাঁর স্ত্রীর অসুস্থতার কথা উল্লেখ করে ছুটি নেন।
তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে সন্দেহ দেখা দিলে তাঁরা খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা জানতে পারেন, তাঁর স্ত্রী অসুস্থ নন; বরং তিনি শারদীয় দুর্গাপূজার দায়িত্ব পালন করতে গেছেন বলে অভিযোগ করেন গ্রামবাসী।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে অভিযোগ জানানো হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিএইচসিপি মোঃ ফরহাদ হোসেনকে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক থেকে বদলি করে ১১নং তেঁতুলিয়া কমিউনিটি ক্লিনিকে পদায়ন করেছেন বলে জানা গেছে।
এদিকে, কমিউনিটি ক্লিনিকের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী একজন সিএইচসিপির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
গ্রামবাসীর প্রত্যাশা, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।













