চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদকঃ
দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সঙ্গে রাখার অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নং সাতনালা ইউনিয়নের চকরামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার খামার সাতনালা গ্রামের মৃত আমির আলীর ছেলে বাদশা রহমান (২৭) এবং জোত সাতনালা গ্রামের আব্দুর রশিদের ছেলে নিশাত রহমান (২৫)।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চকরামপুর গ্রামের ঘন্টাঘর হাটের পাশে সেকেন্দার আলীর ইটভাটার সামনের কাঁচা সড়কে অভিযান চালায়। এ সময় এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কল্কি ও একটি গ্যাস লাইটারসহ ওই দুই যুবককে আটক করা হয়।
পরে বিষয়টি জানানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত বাদশা রহমানকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং নিশাত রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, উপজেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

















