চিরিরবন্দরে ভুয়া কীটনাশক কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়ীকে ভ্রমম্যান ৭৬ হাজার টাকা জরিমানা
নিজস্ব সংবাদদাতা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারে ভুয়া কোম্পানির কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পক্ষকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেলতলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম বেলতলী বাজারে বিভিন্ন কীটনাশকের দোকান পরিদর্শনকালে একটি ভুয়া কোম্পানির কীটনাশক শনাক্ত করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজকে অবহিত করেন।
পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভুয়া কোম্পানির প্রতিনিধিকে ৭৫ হাজার টাকা এবং সংশ্লিষ্ট দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এতে দুই পক্ষকে সর্বমোট ৭৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কৃষি খাতে ব্যবহৃত কীটনাশকের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুয়া ও নিম্নমানের কীটনাশক ব্যবহারের ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পাশাপাশি ফসলের উৎপাদন ও গুণগত মানেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
সচেতন মহলের মতে, কৃষকদের স্বার্থ রক্ষা, বাজারে ভেজাল ও অননুমোদিত কীটনাশকের বিক্রি বন্ধ এবং কৃষি উপকরণের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি।















