মো: সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক:
“মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) চিরিরবন্দর উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার উদ্যোগে এ মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন্নবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালির মাধ্যমে মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং তরুণ প্রজন্মের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত হলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সমাবেশে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। এলাকায় মাদক কেনাবেচা, সেবন ও বিস্তারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার এবং কোনো ধরনের মাদকসংক্রান্ত অপরাধের তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের মতে, শুধু অভিযান পরিচালনা করলেই মাদক নির্মূল সম্ভব নয়; পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক প্রচার, সামাজিক প্রতিরোধ এবং পারিবারিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
সচেতন মহলের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে চিরিরবন্দর উপজেলায় মাদকের বিস্তার রোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে।
















