ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরা কপালে দিয়েছে টিপ। সেই সঙ্গে ঠোঁটে লিপস্টিক, চুলের বেনিতে শোভা পাচ্ছে ফুলের মালা। তাদের সঙ্গে পিছিয়ে নেই তরুণরাও। সেজেগুজে পুরো মাঠ জুড়ে তরুণ-তরুণীরা খুঁজছেন নিজের জীবনসঙ্গীকে। আর এরই মধ্যে যদি জীবনসঙ্গী পছন্দ হয়ে যায়, তাহলে পরিবারিকভাবে ধুমধামে দেওয়া হয় বিয়ে। এমনকি বিয়ের জন্য যাবতীয় জিনিসপত্রের পসরাও সাজিয়ে রাখেন বিক্রেতারা। এমনই ব্যতিক্রমধর্মী মেলার দেখা মিলল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। প্রায় ২০০ বছর ধরে উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসীদের এই মিলনমেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে, যা এক সময় ‘বউ মেলা’ নামে পরিচিত ছিল।
প্রতিবছর শারদীয় দুর্গাপূজার বিসর্জনের পর দিন ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল থেকে বিদ্যালয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ আশপাশের জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আসতে শুরু করে। সময় যত বাড়ে ততই বেড়ে যায় লোকজনের সমাগম। দিনব্যাপী এ মেলায় অংশ নেয় কয়েক হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রতিবছর দশমীর পরদিন কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই হাজার হাজার মানুষ মেলায় উপস্থিত হয়। মেলায় আশপাশের জেলার বিভিন্ন গ্রামের বউ, শাশুড়ি, ননদ, জা ও ঝিরা একত্রিত হন। মেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণ-তরুণীরা জীবনসঙ্গী বেছে নেন। পরে পরিবারিকভাবে দুই পরিবারের মধ্যে আলোচনার ভিত্তিতে বিয়ে হয়।
প্রায় ২০০ বছর ধরে বীরগঞ্জের গোলাপগঞ্জে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এ মিলনমেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। পৌরাণিক কাহিনিতে রয়েছে, এই মেলায় এসে ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণ-তরুণীরা তাদের পছন্দের মানুষকে খুঁজে পরিবারের কাছে তা জানাতেন। পরে পরিবার থেকে দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হতো। যারা এই মেলায় জীবনসঙ্গী পছন্দ করতেন পরবর্তী বছর মেলায় তাদের নাম-পরিচয় তুলে ধরা হতো। এখনো এই মেলায় অনেকে পরিবারের সম্মতিতে পছন্দের পাত্র-পাত্রীকে নিয়ে এসে বিয়ে দিয়ে থাকেন।
কাহারোল উপজেলার কামোর গ্রাম থেকে নিজের মেয়ের জন্য পাত্র খুঁজতে এসেছেন হরেন্দ্র চন্দ্র রায়। তিনি বলেন, ‘এ মেলার বিষয়ে অনেক দিন ধরে শুনছি। কিন্তু কোনোদিন আসা হয়নি। এবার পরিবারসহ আসছি। মেয়েকেও নিয়ে এসেছি। যদি এখানে ছেলে পছন্দ হয় তাহলে কথা বলব। মেলাটা দেখে খুব ভালো লাগল।’
ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে মেলায় ঘুরতে এসেছেন ১৯ বছর বয়সী তরুণী সনিয়া হাসদা। তিনি বলেন, ‘আমরা পুরো পরিবার মেলায় আসছি। মেলার বিষয়ে অনেকের মুখে অনেক কথা শুনেছি। কিন্তু আজকে বাস্তবে দেখা হলো। খুব ভালো লাগল।’
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের পারগাঁও গ্রাম থেকে ঘুরতে এসেছেন তরুণী স্বপ্না টুডু। তিনি বলেন, ‘এখানে অনেক রকমের মানুষ আসে। অনেক বছর ধরে এখানে আসা হয়। এখানে এলে অনেক আত্মীয়-স্বজনেরও দেখা পাওয়া যায়। তাই এখানে প্রতিবছর আসি।’
এ বিষয়ে বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক কোষাধ্যক্ষ জুলি মুর্মু বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে মেলা উদযাপন করা হয়। সংগঠনের নেতা পরিবর্তন হলেও এই মেলা নিয়মিত উদযাপন করা হয়ে আসছে। মেলাটি দুর্গাপূজার বিসর্জনের পর অনুষ্ঠিত হয়। অনেকে এই মেলাটিকে বাসি মেলা হিসেবে চেনে। এটি উত্তরবঙ্গের আদিবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা।’
এ ব্যাপারে জানতে চাইলে বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমলা কান্ত হাসদা বলেন, ‘এ মেলা প্রায় ২০০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা দাদা-দাদি, নানা-নানির কাছ থেকে এ মেলার বিষয়ে শুনে আসছি। আমাদের আদিবাসী ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা এ মেলার অপেক্ষায় থাকে। ২০ বছর আগে এই মেলার নাম বউ মেলা থেকে মিলনমেলা করা হয়। বিভিন্ন জেলার পাশাপাশি পাশের ভারত থেকেও অনেকে মেলায় আসেন। এক প্রকার মিলনমেলায় পরিণত হয়। তাই মেলাটির নাম মিলনমেলা রাখা হয়েছে। এ মেলায় তরুণ-তরুণীরা তাদের জীবনসঙ্গী পছন্দ করে। পরে তারা পারিবারিকভাবে বিয়ে করে।’

















