দিনাজপুর বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ দিনের মধ্যে বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত না করলে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বড়মাঠ রক্ষা কমিটি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার সময় দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ রক্ষার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে খেলোয়াড়, সংগঠক, সামাজিক সাংস্কৃতি সংগঠন, ক্লাব, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
যে মাঠের বুকে একসময় ধূলিকণা উড়িয়ে মেতে উঠত একঝাঁক প্রাণোচ্ছল তরুণ, যে সবুজ ঘাসের বুকে মিশে আছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি, সেই প্রিয় ‘বড়মাঠ’ আজ বন্দি খাঁচায়। দিনাজপুরবাসীর প্রাণের স্পন্দন ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান আজ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য অবরুদ্ধ। মাঠের এই নিথর নীরবতা আর সহ্য করতে না পেরে, বুকে জমাট বাঁধা কান্না আর ক্ষোভ নিয়ে আজ রাজপথে নেমে এসেছিলেন হাজারো মানুষ।
ধর্ম, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষের কাছে অবিলম্বে এই ঐতিহাসিক মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন ও বিশাল মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ। সমাবেশে যোগ দেওয়া তরুণদের চোখে ছিল অধিকার হারানোর বেদনা, আর প্রবীণদের কণ্ঠে ছিল সোনালী অতীত হারানোর দীর্ঘশ্বাস।
বিক্ষোভ সমাবেশে বক্তারা যখন বলছিলেন, “গোর-এ-শহীদ বড় ময়দান শুধু মাটির কোনো টুকরো নয়, এটি দিনাজপুরবাসীর ধমনী, আমাদের নিঃশ্বাস”-তখন উপস্থিত অনেকের চোখেই অশ্রু চিকমিক করে ওঠে। মাঠ বন্ধ থাকায় আজ দিনাজপুরের যুবসমাজ অন্ধকারের গলিতে হারিয়ে যাচ্ছে, থমকে গেছে চঞ্চল শৈশব।
খেলাধুলার সুযোগ না পেয়ে একটা পুরো প্রজন্ম আজ খেলাধুলায় বঞ্চিত হয়ে গুমরে কাঁদছে। মাদকের নীল দংশন থেকে সন্তানদের বাঁচাতে মা-বাবারা আজ দিশেহারা।
মানববন্ধনে অংশ নেওয়া এক কিশোরের হাতের প্লাকার্ডে লেখা ছিল-“আমি যুবকমাত্র, বড়মাঠ আমাদের-আমাকে খেলতে দাও।” নিষ্পাপ এই আকুতি যেন উপস্থিত সবার বুক চিরে এক তীব্র হাহাকার নামিয়ে আনে।
এছাড়া আন্দোলনকারীদের হাতে থাকা “মাঠ চাই, খেলা চাই-সুস্থ প্রজন্ম গড়তে চাই”, “ধর্ম, খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক ঐতিহ্যে ভরপুর; দিনাজপুর গোর-এ-শহীদ ময়দান দিনাজপুরবাসীর প্রাণের বড়মাঠ” সম্বলিত ব্যানার ও ফেস্টুনগুলো যেন বোবা কান্নায় মাঠটি ফিরে পাওয়ার শেষ আর্তনাদ জানাচ্ছিল।
বক্তারা বুকভাঙ্গা ক্ষোভ নিয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি শহরের ফুসফুসকে এভাবে দীর্ঘদিন চেপে ধরে রাখা যায় না। অবিলম্বে যদি সব শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াবিদদের জন্য এই ঐতিহাসিক ময়দান উন্মুক্ত করে দেওয়া না হয়, তবে দিনাজপুরবাসী তাদের প্রাণের মাঠের অধিকার ফিরিয়ে আনতে বুকের রক্ত ঢেলে দিতেও দ্বিধা করবে না। আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।
ওপারে অবরুদ্ধ হয়ে পড়ে থাকা নিস্তব্ধ শূন্য মাঠটি যেন আজ নিজেই ডুকরে কাঁদছে, আর এপারে দাঁড়িয়ে তার সন্তানরা জানাচ্ছে মাঠ ফিরে পাওয়ার আকুল মিনতি। কবে ভাঙবে এই বন্দিদশা? কবে আবার হাজারো শিশুর কোলাহলে প্রাণ ফিরে পাবে গোর-এ-শহীদ বড় ময়দান? সেই উত্তরের অপেক্ষায় আজ পুরো দিনাজপুর অশ্রুসজল।
আরো বলেন দিনাজপুর বড় মাঠ এ অঞ্চলের অন্যতম বড় ও ঐতিহাসিক মাঠ, যেখানে বিভিন্ন জাতীয় টুর্নামেন্ট, খেলাধুলা এবং বড় জমায়েত অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত এই গোরে শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
মাঠ রক্ষা কমিটি কার্যকরী সভাপতি গোলাম নবী দুলাল এর সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, বিএনপি’র সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, অধ্যাপক আব্দুল জলিল, রেজাউর রহমান রিজু, এডভোকেট মেহেরুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, মেহেরুল্লাহ বাদল, ডাক্তার শহীদুল্লাহ,
অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব রেহাতুল ইসলাম খোকা।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পৌরসভার রেললাইন অবরোধ করে।

















