বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ
ডেক্স রিপোর্ট,
দেশে বিদেশিদের কার্ডে যত টাকা খরচ হচ্ছে, তার প্রায় চার গুণ ব্যয় করছেন বাংলাদেশিরা বিদেশে। গত আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৮৭ কোটি টাকা। বিপরীতে বিদেশিরা বাংলাদেশে তাঁদের কার্ড ব্যবহার করে খরচ করেছেন প্রায় ২৪৯ কোটি টাকা। দুই দিকের ব্যয়ের এই ব্যবধান দেশের কার্ডভিত্তিক লেনদেনে আন্তর্জাতিক ব্যয়ের বড় উপস্থিতি তুলে ধরছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ছিল প্রায় ৯৮৫ কোটি টাকা। আগস্টে তা বেড়ে ৯৮৭ কোটি টাকা হয়েছে। অন্যদিকে দেশে বিদেশিদের কার্ডে ব্যয় এক মাসে ৬ দশমিক ২৭ শতাংশ বেড়ে ২৩৪ কোটি টাকা থেকে প্রায় ২৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় হয়েছে ৫০৪ কোটি ৬০ লাখ টাকা। ডেবিট কার্ডে ৪২২ কোটি ১০ লাখ এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি ১০ লাখ টাকা। ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে হয়েছে মোট বৈদেশিক ক্রেডিট কার্ড লেনদেনের ১৭ দশমিক ১৬ শতাংশ। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। ডেবিট কার্ড ব্যবহারে শীর্ষে যুক্তরাজ্য; মোট লেনদেনের ১৪ দশমিক ১৯ শতাংশ হয়েছে সেখানে। প্রিপেইড কার্ডে সবচেয়ে বেশি, ১৮ দশমিক ৭১ শতাংশ লেনদেন হয়েছে ভারতে।


















